Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফার্স্টলিড সিকিউরিটিজের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৮

ঢাকা: ‎গ্রাহকের সাড়ে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ব্রোকারেজ হাউজ ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১০ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেস্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

‎মামলার আসামিরা হলেন- ফার্স্টলিড সিকিউরিটিজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর চৌধুরী, নির্বাহী পরিচালক মুহিবুল বারী রহমান, পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, উপমহাব্যবস্থাপক এহতেশামুল হক, পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান, রুমেল মোহাম্মদ সাইফুল রহমান পীর, আবু মুহাম্মদ আনোয়ারুল আম্বিয়ক চৌধুরী, আব্দুর রাকিব শিকদার এবং পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

‎দুদক সূত্রে জানা যায়, ফার্স্টলিড সিকিউরিটিজের মতিঝিল শাখাসহ বিভিন্ন শাখায় গ্রাহকদের শেয়ার কেনার জন্য জমা করা ১৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে তা যথাযথভাবে শেয়ার কেনায় ব্যবহার না করে এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই পোর্টফোলিও থেকে স্থানান্তর করে হাতিয়ে নেন আসামিরা।

‎এ ছাড়া অর্থ স্থানান্তরের ক্ষেত্রে জাল স্বাক্ষর ও ভুয়া দলিল ব্যবহার এবং হিসাবের নথিপত্রে মিথ্যা তথ্য প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। গত ৩০ জুনের শেয়ারমূল্য বিবেচনা করে আত্মসাত করা এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে গ্রাহকদের অর্থ সরানোর বিষয়টি গত ১৭ জুলাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তদন্তেও প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর