Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক

স্টাফ করেসপন্ডেট
৯ নভেম্বর ২০২৬ ২৩:৫০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ২৩:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজীরবাগে ৫তলা একটি বাড়ির ছাদ থেকে আবিদা (৪) নামে এক শিশুকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবার নাম মো. আসিফ। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শিবচর বাজার এলাকায়।

পরিবার জানায়, ৫ তলা বাড়িটির ৩য় তলায় থাকেন তারা। বিকেলে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তারা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এএম তাজমুল করিম জানান, ঘটনাটির তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের কাছ থেকে জানা গেছে, শিশুটির পরিবারের বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল (২৬) নামে এক তরুণী ছাদ থেকে ধাক্কা দিয়ে ওই শিশুটিকে ফেলে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এসএস