Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাসযাত্রীর ফাইলে মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫

আটক হওয়া ব্যক্তি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইটি ফাইলের ভেতর থেকে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. শহিদুল ইসলাম (৪২) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।

বিজ্ঞাপন

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এ. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদককারবারি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ইয়াবার একটি বড়ো চালান নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ খবর পেয়ে সীতাকুণ্ডের মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এসআরবি। এ সময় স্টারলাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে বসে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দু’টি ফাইলের ভেতরে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর