Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এ মাসের জুলাই সনদ দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এই মাসেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেওয়ার জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (২৬ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জুলাই শহিদদের স্মরণ ও আহদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলন এ অনুষ্ঠান আয়োজন করে।

গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাইয়ের ফসল বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের মনে হয় ভুলে গেছে। তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় সনদ এখনো দিতে পারেনি। জুলাই যোদ্ধাদের গলায় ফাঁসির দড়ি রেখে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়া কোনোভাবেই উচিত হবে না। চলতি জুলাই মাসের মধ্যেই শহিদ ও আহতদের সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই যুদ্ধের এক বছর পার হতে না হতেই ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়া আশঙ্কাজনক। রাষ্ট্রের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা শুদ্ধতা ফিরিয়ে আনতে পারলেন না। তাহলে কি জুলাই আন্দোলন ব্যর্থ হবে? আমরা এ আন্দোলন-অভ্যুত্থান ব্যর্থ হতে দেব না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য আপনারা বক্তব্য দিচ্ছেন, কারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর ছিল জনগণ তা জানে। আপনারা ফ্যাসিবাদের দোসর বলেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন না। আন্দোলনে নেই বলে ঘোষণা দিয়েছেন। আপনারা ১৬ বছর ফ্যাসিবাদ দ্বারা নির্যাতন হয়েছেন ঠিক, কিন্তু জনগণের আস্থা আপনাদের ওপর নেই বলে জনগণ আপনাদের আন্দোলননে সাড়া দেয়নি। ছাত্রদের ওপর জনতার আস্থা ও বিশ্বাস ছিল বলেই জনগণ ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ এম এইচ মোস্তফা, সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন ও মাওলানা নজরুল ইসলাম।

সারাবাংলা/এজেড/এইচআই