চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে নতুন একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, সাইদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। শিক্ষার্থীদের কুপ্রস্তাব, যৌন হয়রানি, বিভাগীয় সম্পত্তি দখল, অফিসরুমকে দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশে স্কলারশিপের আবেদনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকার সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। তবে আমার ব্যাপারে তদন্ত হয়েছে। আমাকে ডেকেছিল, আমি আমার কথা বলেছি। এরপরে এখনো কোনো কাগজপত্র পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটার রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’