Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদ-জেদ্দাগামী রুটেও বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৮:৩৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা: সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চালুর পর এবার রিয়াদ ও জেদ্দাগামী রুটেও বিশেষ সময়সূচিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকের (জনসংযোগ) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।

এছড়া, জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে, আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দু’টি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর