ঢাকা: সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে পূর্বঘোষিত ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
এদিকে, যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।