Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নামে ককটেল নিক্ষেপ, হয়নি বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৯:৩৬

মিঠাপুকুর থানা। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো বিস্ফোরিত না হওয়ায় বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডের ওভারপাস থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই বাসস্ট্যান্ডের ওভারপাস থেকে পরপর পাঁচটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। জর্দার কৌটায় স্কচটেপ দিয়ে মোড়ানো এসব ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে এবং পরে নিরাপদে নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কসহ মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি পাহারা ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ককটেল নিক্ষেপকারীদের পাকড়াও করতে সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি আরও জানান, রাস্তায় পড়ে থাকা ককটেলসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে এবং এগুলো কারা নিক্ষেপ করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে রংপুরে পৃথক কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা ঘটেছে। গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চার তরুণকে গ্রেফতার করেছে।

রংপুর মহানগরীর বিএনসিসি মোড়ে সোমবার দিবাগত রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিকে এর প্রতিক্রিয়ায় রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল মধ্যরাতে নগরীতে মোটরসাইকেল শোডাউন করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কেউ অরাজকতা তৈরি করতে চাইলে সঙ্গে সঙ্গে তা মোকাবিলা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর