Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৭:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জ: দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও প্লাস্টিকের চাই জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরের দিকে এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও দুই হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়। জব্দ হওয়া এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালেই জব্দ হওয়া জাল ও প্লাস্টিকের বোতলগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জব্দ হওয়া জাল ও প্লাস্টিকের বোতল উদ্ধার।

অভিযান শুরুর আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হাওর এলাকার স্থানীয়দের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ