Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন: ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে ১ নম্বর নতুন ভবনে সভা শেষে তিনি এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভায় প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিজওয়ানা হাসান বলেন, কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো মূলত আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানরা এ কমিটিতে থাকবেন। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তারা শুনবেন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত দুদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হলে আজ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর