Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ জানিয়ে করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে রিটকারী বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলমকে ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে, ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে জিএস পদে এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন ফাহমিদা। তার পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিট আবেদনে বলা হয়, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এসএম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান; এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয়।

এবারের ডাকসু নির্বাচনে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলে’ তিনটি বাম সংগঠন লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয়ে করা হয়েছে। আর ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এসএম ফরহাদ লড়ছেন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন ঘিরে ক্যাম্পাসেও জমজমাট প্রচারণা করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর