Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেলের স্টপেজ পেয়ে দর্শনায় আনন্দের বন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা হল্ট রেলস্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে প্রথম স্টপেজ পাওয়ায় দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে ছাত্র, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণী ও পেশার মানুষ এই শুভক্ষণের স্বাক্ষী হতে রাত জেগে জড়ো হয়েছিলেন দর্শনা হল্ট স্টেশনে।

এ উপলক্ষ্যে হল্ট স্টেশনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। শুধু তাই নয়, ছাত্রজনতার পক্ষ থেকে রাতে সবার জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। গভীর রাতে দর্শনার হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে থামলে আনন্দিত ছাত্রজনতা শ্লোগান দিয়ে ট্রেনটির যাত্রীদের অভিনন্দন জানায়।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনকারী ছাত্রজনতা ট্রেনের লোকোমোটিভ চালক, পরিচালক ও সকল স্টাফকে ফুল দিয়ে বরণ করে এবং তাদের হাতে রাতের খাবার তুলে দেয়। দর্শনাবাসীর আনন্দে অংশ নিতে পেরে তারাও উচ্ছাস প্রকাশ করে। আয়োজকেরা স্টপেজের প্রথম দিনের সকল যাত্রীকেও ফুল ও খাবার দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, ন্যায়সংগত এই স্টপেজ পেতে দর্শনাবাসীকে আন্দোলনে যেতে হয়েছে। দর্শনার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েও তার অনীহার কারনে বারবার দাবি তুলেও বঞ্চিত হয়েছে দর্শনার মানুষ। এরপর চিঠি চালাচালি, স্মারকলিপি প্রদান-কোনো কিছুতেই কাজ না হওয়ায় সর্বশেষ ট্রেন থামিয়ে ছাত্রজনতা আন্দোলন শুরু করে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র আন্দোলনের ডাক দিলে দর্শনার সর্বস্তরের জনতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে যোগ দেন। অবশেষে গত সেপ্টেম্বর মাসে রেলওয়ের পক্ষ থেকে দর্শনা হল্ট স্টেশনে স্টপেজের ঘোষনা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক তানভির রহমান অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসব ও মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৌহিদ হোসেন, ছাত্রদলের কলেজ শাখার পলাশ আহাম্মেদ, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবিদ হাসান রিফাত, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, দর্শনা ডি এস মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা শফি উদ্দিন, থানা যুবদলের সভাপতি জালাল উদ্দীন লিটন, রেলবাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, জামায়াতের দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জামায়াতের দর্শনা পৌর যুব বিভাগের সভাপতি তানজিল হোসেন, বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক মশিউর রহমান, ট্রেনযাত্রী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। সভায় বক্তারা আগামীতে দর্শনার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এ সময় ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন লোকো মাস্টার সাখাওয়াত হোসেন, সহকারী লোকো মাস্টার আবু বক্কর সিদ্দিক এবং পরিচালক আতিকুর রহমান।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো