Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকায় সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খসরু এ তথ্য জানান।

তিনি বলেন, “তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানের সময় থেকে। দুই দেশের মধ্যে এই সম্পর্ক আরও জোরদার করতে আমরা সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বিনিয়োগ এবং তুর্কি-বাংলাদেশ চেম্বারকে শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।”

বিজ্ঞাপন

বৈঠকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খসরু আরও বলেন, “নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। সবার মতো তুরস্কও নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য তুরস্ক প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বৈঠকে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসিকে আরও শক্তিশালী করার দিকেও দুই পক্ষ গুরুত্বারোপ করে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো