Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই হত্যা মামলার নথি চুরি করে ফের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। আদালতে দেওয়া সাক্ষ্যে এ অভিযোগ করা হয়। একটি হত্যা মামলার নথি চুরি করে একই ঘটনায় ভিন্নভাবে তিনটি ভুয়া মামলা দায়ের করা হয়েছে। এসব মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথাও উঠে এসেছে শুনানিতে।

আদালতে সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বক্তব্যে উঠে আসে মামলার পর অনেক আসামিই বাড়িছাড়া হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মামলাগুলোর কয়েকজন আসামি দাবি করেছেন টাকা আদায়, ব্যক্তিগত শত্রুতা ও নানা উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আইনজীবী অ্যাডভোকেট মাহবুব রানা অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল- এই তিনজনের হত্যাকাণ্ডে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়। কিন্তু একটি চক্র আদালত থেকেই মামলার দলিল-দস্তাবেজ সংগ্রহ করে। পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে নতুন করে মামলার আবেদন করা হয়।

অভিযোগে বলা হয়, ওই তিনটি মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র ব্যবহার করে মামলা দায়েরের বিষয়ে আদালত তার কাছে ব্যাখ্যা চান। বাদীর ভুয়া জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া এবং মিথ্যার আশ্রয় নেওয়ার বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ বলেন, ‘মামলা বাণিজ্যের কথা বাংলাদেশের একজন বলতে পারবে? ওই মামলাগুলোর তো আদেশই হয়নি। আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকে মামলা করেছি। বাদী আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত মামলাগুলো খারিজ করে দিয়েছেন।’

সিনিয়র আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেসবাহ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সব মামলা শুরু থেকেই যদি সরকারের পক্ষ থেকে দায়ের করা হতো, তাহলে প্রতারক চক্রের এমন উত্থান ঘটত না।

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সঠিক তথ্য যাচাই করে মামলা করা হলে আজ এই চাঁদাবাজি চলত না। কোন এলাকায় কারা মামলা দিচ্ছে, কারা এসবের পেছনে আছে তা ওপেন সিক্রেট।’

মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনসংক্রান্ত সব মামলা ও গ্রেফতারের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও পরামর্শ দেন তিনি।

সারাবাংলা/টিএম/এএ
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর