Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটের চা-শ্রমিকদের জীবনসংগ্রাম তুলে ধরায় সম্মাননা পেলেন সাংবাদিক সুবর্ণা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২৩:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের চা-শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক দেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিলেট সদর ইউনিয়নের খাদিম নগর ইউনিয়নের বুরজান প্রাথমিক বিদ্যালয়ে চা শ্রমিকদের পক্ষ থেকে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের’ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৩ নম্বর খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বুরজান টি এস্টেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি ও রফতানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত, জয় মাহাত্ম্য কুর্মী।

বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠী। তাদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের সমস্যা এবং সামাজিক বৈষম্যের চিত্র গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করছে।’

সম্মাননা নেওয়ার সময় সাংবাদিক সুবর্ণা হামিদ জানান, চা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ বিষয়ে কাজ করছেন। এই সম্মাননা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে চা শ্রমিকদের জীবনসংগ্রাম আরও গভীরভাবে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম সোহেল। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর