Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে ভেসে থাকা জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্ট গার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বঙ্গোপসাগরের পানি থেকে আব্দুল মান্নান (২২) নামে এক জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের কাছ ফেরত দিয়েছে। ফেরত দেওয়া বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মাছ ধরার জন্য গেল ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট সমুদ্রে যাত্রা করে এবং গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে জেলে আব্দুল মান্নান বোট থেকে পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। এরপর ওই জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।

উক্ত জেলেকে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, হস্তান্তরের ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর