Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমির হামজার মাকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার মাকে অপমান ও লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নারীদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্চিত করা হলো। তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি, বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। এ ছাড়াও নারীদের দিকে আক্রমণের জন্য বারবার তেড়ে আসে। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন। তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।’

বিজ্ঞাপন

আমির হামজা আরও বলেন, ‘নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।’

‘ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

দাঁড়িপাল্লার এই প্রার্থী বলেন, ‘আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মায়েদের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মায়েদের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর