নাটোর: নাটোরের গুরুদাসপুরে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় গ্রেফতার যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মাহমুদুল হাসান নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার মিন্টু নাটোর -৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন শাকিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হেলমেট ও মাস্ক পরা দুই যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২৬ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শাকিল ইসলাম (৩২) গুরুদাসপুর পৌর সদরের কাঁচাড়িপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
পরের দিন ২৭ অক্টোবর নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালতের বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আবার দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ডে নেওয়া হয় মিন্টুকে।
রিমান্ড শেষে ৫ নভেম্বর দুপুরে ডিবি কার্যালয় থেকে মিন্টুকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করে। তারপর আদলত থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্ত কাজ গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে, অভিযানে এই মামলায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।