খুলনা: খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গাফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে চায়ের দোকানের ভেতরে বসে থাকা অবস্থায় তরিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি সোজা তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।’