ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি মানেই খবরের শিরোনামে নতুন কোনো উত্তাপ। একদিকে আদালতে মামলার ঝক্কিঝামেলা, আইনি নোটিশ আর গ্রেফতারি পরোয়ানা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তার নান্দনিক উপস্থিতি ও মজার পোস্ট। গত বুধবার আদালতে তার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। ফলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এই আইনি জটিলতা নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, ঠিক সেই রাতেই পরীমণির একটি ফেসবুক পোস্ট বিনোদন দুনিয়ায় নতুন কৌতূহল ও হাসির খোরাক জুগিয়েছে।
আদালতের গেরোয় যখন তার দিন কাটছে, ঠিক সে সময়ই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিয়ের পোস্টার শেয়ার করে পরীমণি লিখেছেন ‘বিয়ে!! আপনারা এটা কি করলেন!! Paragon Catering Wedding Carnival Ajwah Events এই অর্গানাইজডটাই করেই দিলেন! @sakib sonet এই বিয়ে ডিরেকশন দিতে আপনার কষ্ট হবে না? কি আর করা, চলে আসবেন সবাই। আপনাদের দাওয়াত।’

গুলশান শুটিং ক্লাব কনভেনশন হলে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের এই মেগা ইভেন্টে একটি ব্র্যান্ডের শো-স্টপার হিসেবে তার অংশ নেওয়ার কথা রয়েছে। আর পোস্টারে বড় বড় অক্ষরে ‘পরীমনির বিয়ে’ লেখা দেখে ভক্তরাও বেশ নড়েচড়ে বসেছেন।
আইনি লড়াইয়ের মানসিক চাপ আর অন্যদিকে প্রমোশনাল ইভেন্টের এমন ব্যতিক্রমী সমন্বয় যেন পরীমণির চিরচেনা ছকভাঙা ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ। আদালতের সমন মাথায় নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, মামলা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে তিনি কতটা হেনস্তার শিকার হচ্ছেন। অথচ ঠিক সেই রাতে হাসিমুখে বিয়ের ইভেন্টের এমন আমন্ত্রণে নেটিজেনদের অনেকেই বেশ রসাত্মক মন্তব্য করছেন। সব মিলিয়ে, আইনি জটিলতার মেঘ আর পেশাগত ব্যস্ততার রোমাঞ্চের এই দুই বিপরীত মেরুর খেলায় পরীমণি আবারও প্রমাণ করলেন আলোর কেন্দ্রবিন্দুতে কীভাবে থাকতে হয় তা তার খুব ভালো করেই জানা।
তবে হঠাৎ এমন স্ট্যাটাসের ইস্যূ এখনোও রহস্যময় নেটিজেনদের কাছে। আইনি জটিলতা শেষে হয়তো এই রহস্যের জটও খুলবেন পরীমণি। সেই অপেক্ষায় ভক্তরা।