Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সম্পর্কে মনোমালিন্য এড়ানোর কোমল কিছু উপায়

ফারহানা নীলা
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার সম্পর্কে মনোমালিন্য যেন হঠাৎ করে আসে না। জমতে জমতেই একদিন ভারী হয়ে ওঠে। ছোট অভিমান, না বলা কথা, ভুল বোঝাবুঝি এসবই ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তবে চাইলে এই মনখানা ভাঙার আগেই জোড়া লাগানো যায়। সম্পর্ককে রাখার জন্য দরকার একটু যত্ন, একটু বোঝাপড়া আর অনেকখানি ভালোবাসা।

কথা বলার সাহস

অনেক সম্পর্ক ভাঙে নীরবতায়। ‘সে বুঝে নেবে’ – এই ভরসাটাই সবচেয়ে বড় ভুল। মন খারাপ হলে, কষ্ট পেলে বা ভালো লাগলেও তা বলা জরুরি। খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝির জায়গা কমে যায়, আর সম্পর্ক পায় স্বচ্ছতা।

শোনা মানেই ভালোবাসা

শুধু বলা নয়, মন দিয়ে শোনাটাও সমান গুরুত্বপূর্ণ। প্রিয় মানুষটি যখন কিছু বলতে চায়, তখন মোবাইল নামিয়ে, সময়ের তাড়া ভুলে তাকে শোনা, এটাই তাকে বোঝায়, সে আপনার কাছে গুরুত্বপূর্ণ। অনেক অভিমান গলে যায় শুধু এই মনোযোগেই।

বিজ্ঞাপন

ছোট ছোট যত্ন

বড় বড় সারপ্রাইজ নয়, বরং ছোট যত্নই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। ব্যস্ত দিনে একটি খোঁজখবর, মন খারাপের সময় এক কাপ চা, কিংবা হঠাৎ বলা— ‘তোমাকে আজ খুব সুন্দর লাগছে’— এই ছোট কথাগুলোই মনোমালিন্যের দেয়ালে ফাটল ধরায়।

ক্ষমা করতে জানা

ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু সব ভুল জমিয়ে রাখলে সম্পর্ক ভারী হয়ে ওঠে। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়া। কিছু বিষয় ছেড়ে দিতে পারাই ভালোবাসার বড় পরীক্ষা।

প্রত্যাশার ভারসাম্য

প্রিয় মানুষ মানেই সব চাওয়া পূরণ করবে— এমন ভাবনা সম্পর্ককে চাপে ফেলে। প্রত্যাশা থাকবেই, কিন্তু তা বাস্তবসম্মত হলে মনখারাপের সম্ভাবনা কমে। একে অন্যকে নিজের মতো থাকতে দেওয়াটাও ভালোবাসার অংশ।

একসঙ্গে সময়, একান্তভাবে

একই ঘরে থেকেও অনেক সময় দূরে থাকা যায়। আবার অল্প সময়েও কাছাকাছি হওয়া সম্ভব। প্রতিদিন না পারলেও নিয়মিত কিছু একান্ত সময় রাখা দরকার, যেখানে শুধু দু’জন থাকবে—কোনো স্ক্রিন নয়, কোনো ব্যস্ততা নয়।

ভালোবাসা প্রকাশে কার্পণ্য নয়

ভালোবাসা বোঝানো যায় নানা ভাবে, কিন্তু বলা না হলে অনেক সময় তা অজানাই থেকে যায়। ‘ভালোবাসি’ – এই ছোট শব্দটি সম্পর্ককে বারবার নতুন করে জাগিয়ে তোলে। অভিমান জমার আগেই তা বলে দিন।

সম্পর্ক মানে শুধু প্রেম নয়, প্রতিদিনের চর্চা

একটু সচেতনতা, একটু নরম মন আর অনেকখানি আন্তরিকতা থাকলে মনোমালিন্য দূরে থাকে। কারণ ভালোবাসা টিকে থাকে যত্নে – অভিমানে নয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন