রাজবাড়ী: রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, রাজবাড়ীর মানুষ শান্তিপ্রিয়। সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। দেশের অন্য কোথাও যা-ই ঘটুক, রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের রেলগেট চত্বরে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী একটি ছোট জেলা। এখানকার মানুষ শান্তিতে বসবাস করতে চান। আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে তাদের বারবার বলা হয়েছিল, সব রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ দিতে হবে। প্রত্যেকে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে এবং জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করবে। কিন্তু তারা সেই কথা শোনেনি।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এখনো অনেক নেতাকর্মীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।
২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ওই নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। সে সময় তার বাড়ির সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করে তাকে ঘিরে রাখা হয়েছিল। নেতাকর্মীদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। তবে তিনি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিতে বসবাস করতে চান।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে শেখ হাসিনা সরকারের গুলিতে দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। এত কিছুর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। দলটির অনেক নেতাকর্মী এখনো তাঁদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কঠোর হতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নির্বাচনি ইশতেহারে পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে বৃহত্তর একটি রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই ওয়ার্কশপ নির্মিত হলে রাজবাড়ীর অর্থনৈতিক ও সামগ্রিক চিত্র বদলে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজবাড়ী শহর নয়, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রতিটি ইউনিয়নের মানুষের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করতে হবে।
রাজবাড়ী সদর উপজেলা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সদর উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘পঞ্চকানন’ নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
এর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ (হৃষিত), সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক এ মজিদ বিশ্বাস। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।