Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী বিপিএল মাঠে গড়াবে মার্চে, দুই ভেন্যুতে আয়োজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নারী বিপিএল এবার নির্ধারিত সময়ের আগেই মাঠে গড়াতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। দেশের নারী ক্রিকেটের প্রসার ও পেশাদার কাঠামো গড়ে তুলতেই নারী বিপিএলের উদ্যোগ।

আগে ঘোষণা ছিল আগামী ৪ থেকে ১৪ এপ্রিল তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহেই মাঠে গড়াতে পারে নারী বিপিএল। দুটি ভেন্যুতে হবে নারী বিপিএল একটি মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং অন্যটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বিজ্ঞাপন

নারী বিপিএলে খেলোয়াড় সংগ্রহ পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। প্লেয়ার্স ড্রাফটের চেয়ে নিলাম পদ্ধতিতেই বেশি আগ্রহ সংশ্লিষ্টদের। বিসিবি চায় আন্তর্জাতিক মানের বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে, যাতে টুর্নামেন্টের প্রতিযোগিতা ও আকর্ষণ দুটোই বাড়ে।

ভারতের উইমেন্স আইপিএল, অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের পর বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রবেশ করছে। প্রথম আসরে তিনটি দল নিয়ে শুরু হবে নারী বিপিএল। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে গঠিত গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলা-কে।

সারাবাংলা/এসএইচএস