Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির আরও পাঁচ প্রার্থীর আবেদন হাইকোর্টে

স্টাফ করেসপন্ডেট
৩ মার্চ ২০২৬ ১৩:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে জামায়াতের চারজন ও বিএনপির একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনকারী প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এর আগে বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের আরও কয়েকজন প্রার্থী ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। তাদের মধ্যে রয়েছেন- কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসনে ডিএমডি জিয়াউর, পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে মো. আবদুর রহিম সরকার।

বিজ্ঞাপন

আদালত এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপত্র রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করে নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার বিধান অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত এসব আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি পরিচালনা করছেন।