Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় নিউ মার্কেটে উপচেপড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৫:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিপণিকেন্দ্রগুলো ব্যস্ততম সময় পার করছে। ঈদের ঠিক আগ মুহূর্তে ব্যস্ততা যেন কয়েকগুণ বেড়েছে। যথারীতি নিউ মার্কেটে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

মঙ্গলবার (১৭ মার্চ ) সকাল থেকেই মার্কেটজুড়ে ছিল মানুষের ঢল। তবে দুপুরের পর থেকে এই ভিড় আরও তীব্র আকার ধারণ করে।

নিউ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী কবিরুল জানান, পুরো রমজানজুড়েই ক্রেতা উপস্থিতি থাকলেও শেষ সপ্তাহে এসে ভিড় কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে আজকে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মার্কেটে আসছেন অনেকেই। ঈদের আর ২-৩ দিন বাকি তাই সবাই মার্কেটে আসছেন।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে সামান্য পা ফেলার ঠাঁই নেই। দোকান থেকে শুরু করে ফুটপাত সবখানেই ক্রেতাদের ভিড়। পোশাক, জুতা, প্রসাধনী ও ঈদ সামগ্রীর দোকানগুলোতে ছিল ঠাসাঠাসি অবস্থা। অনেক দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা গেছে।

বিজ্ঞাপন

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারেননি। আবার কেউ কেউ ঈদের আগে নতুন কালেকশন আসার অপেক্ষায় ছিলেন। ফলে শেষ মুহূর্তে এসে চাপ বেড়েছে।

যাত্রাবাড়ী থেকে পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন জাহিদুল আলম। তিনি বলেন, ‘আজ ২৭ রমজান, তাই ভাবলাম আজই সব কেনাকাটা শেষ করি। কিন্তু এসে দেখি মানুষের ঢল, ঠিকমতো হাঁটাই কষ্টকর। বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে অনেক কষ্ট হচ্ছে। তবুও শেষ তো করতেই হবে।’

এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। মার্কেট এলাকায় যানজটও বেড়েছে কয়েকগুণ। যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের দুই-একদিন এই ভিড় আরও বাড়বে। আর ক্রেতাদেরও পরামর্শ দেওয়া হচ্ছে, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে সময় নিয়ে কেনাকাটা করার জন্য।

সারাবাংলা/টিএম/এইচআই