Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শহিদ মিনারে রাকিব হত্যা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১১:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় শহিদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিসি (রমনা ডিভিশন) মাসুদ আলম এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে, গত রোববার রাতে আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মাথায় গুলি করে পালিয়ে যায়।

রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। রাকিব বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সারাবাংলা/এমএইচ/ইআ