Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ০০:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট-এ একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দেশটির সংসদে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। প্রস্তাবটি উত্থাপন করেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড।

প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা-র দীর্ঘ শাসনের অবসানের পর এটিই ছিল প্রথম জাতীয় নির্বাচন।

বিজ্ঞাপন

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমান-এর নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৫৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন, যা জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়।

এছাড়া ‘জুলাই জাতীয় সনদ’ ঘিরে অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়, যেখানে ৬০ শতাংশ ভোটার সনদের পক্ষে মত দেন। এতে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের ৮০টির বেশি প্রস্তাবনা রয়েছে বলে জানানো হয়।

প্রস্তাবের শেষে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার জন্য প্রশংসা করা হয়।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর