চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিংও চালানো হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তার সফর ঘিরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে। মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে অনেক আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। র্যাবের পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে এসআরবির যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।‘
গুজব ও অপপ্রচার প্রসঙ্গে এসআরবি-৭ অধিনায়ক বলেন, ‘ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এ বিষয়ে এসআরবি সতর্ক রয়েছে। সারাদেশ ও চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি চালানো হচ্ছে। কোনো অপপ্রচার ছড়ালে প্রকৃত তথ্য তুলে ধরে তা মোকাবিলা করা হবে।’
এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।