Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২২:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মানব পাচার মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আমিনুল ইসলাম জুনাইদের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তার আগে, শুনানির সময় আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। যাকে এক সময় টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে মানবপাচার মামলায় গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ ফেনী জেলায় ৬টি ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫টিসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।

২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন মাসুদ উদ্দিন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।