Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটের দিন মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে: আজহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৯:১১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে।

বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। অথচ নির্বাচন কমিশন দাবি করছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং তারা সন্তুষ্ট।

বিজ্ঞাপন

বিএনপিকে ‘জাতির জন্য আপদ’ আখ্যা দিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, এই আপদ দূর করতে হবে। তা না হলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। বিএনপি মুখে যা বলে, কাজে তার উল্টোটা করে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিল দলটি। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তারা মনে করে, জনগণ কিছু বোঝে না। কিন্তু জনগণ সবই বোঝে।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি দাবি করছে, গণভোটের বিধান সংবিধানে নেই এবং অন্তর্বর্তী সরকার জুলাই সনদ প্রণয়ন করতে পারে না। তাহলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোন সাংবিধানিক ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তা বিএনপিকে স্পষ্ট করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন নয়

এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কায়দায় দেশ পরিচালনার লক্ষ্যেই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না, জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।

তিনি বলেন, জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি; চেয়েছে রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু জুলাই বিপ্লবের পর দেখা যাচ্ছে, কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, টেন্ডারবাজি, বিদেশি কোম্পানির কাছে দেশকে ইজারা দেওয়া এবং কমিশন খেয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রাষ্ট্রকাঠামোর সংস্কার হলে দেশের উন্নয়ন হবে এবং জনগণ উপকৃত হবে উল্লেখ করে তিনি আসন্ন সংসদ অধিবেশনের আগেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ চলমান সংকট নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকার সহযোগিতা চাইলে দেশ গঠনে বিরোধী দল প্রয়োজনীয় সব সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

ভোট কারচুপির অভিযোগ জামায়াতের

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম অভিযোগ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের মতো ভোট চুরি করেছে।

তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু ভোট চুরির পাশাপাশি অবিশ্বাস্য ভোটের হিসাবও দেওয়া হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট পড়লেও ফলাফল ঘোষণার সময় ৬৪ শতাংশ ভোট দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, জামায়াতে ইসলামীকে হেয় করতে দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোট কাটছাঁট করে কম দেখানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভোট কারচুপির চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না: সেলিম উদ্দিন

ঢাকা মহানগরী উত্তরের আমির ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা কিংবা প্রতিহিংসায় জড়ানো জামায়াতের আদর্শ নয়। তাঁরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং জনগণকে অন্যায়ের বিষয়ে সচেতন করেন।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতির আসন এবং রাষ্ট্রপতির ভাইয়ের পরাজয়ের লজ্জা ঢাকতে গিয়ে বিএনপি নির্বাচনে কারচুপি করে নির্লজ্জতার পরিচয় দিয়েছে।

সমাবেশ শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।