Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অজিত দোভাল-খলিলুর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তায় প্রাধান্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ভারতের নয়াদিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় খলিলুর রহমানের সম্মানে দোভালের আয়োজিত এক নৈশভোজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেছেন তারা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সফরে দিল্লি পৌঁছান মঙ্গলবার বিকেলে। তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দিনের সফর শেষে মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সরকারের একজন জ্যেষ্ঠ সদস্যের এটি প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফর।

এদিকে আজ দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। দিল্লির হায়দ্রাবাদ হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এ ছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্র বলছে, এর পর বিকেল সাড়ে চারটায় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও সাড়ে ৫ টায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়কমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বাণিজ্য ভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় পোর্ট লুইসের উদ্দেশে রওনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, কনফারেন্সে যোগ দিতে একই ফ্লাইটে রওনা হবেন জয়শঙ্কর এবং খলিলুর রহমান। প্রায় ১০ ঘণ্টার ফ্লাইটে দ্বিপাক্ষিক নানা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন।

সারাবাংলা/একে/পিটিএম