ঢাকা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ৭ নভেম্বর কেবল একটি নির্দিষ্ট দিবসের স্মরণসভায় সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং দেশের স্বার্থে এর সঠিক ইতিহাস সারা বছরই বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে জিইয়ে রাখা প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই দিনটিকে শুধু একটি সাধারণ সিপাহি অভ্যুত্থান হিসেবে দেখলে ভুল হবে, এটি মূলত ছিল একটি স্বতঃস্ফূর্ত সিপাহি-জনতার অভ্যুত্থান। এর ঠিক আগে ৩ নভেম্বরের ঘটনাকে স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, সেই সময়ে বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল। সাধারণ মানুষ ও দেশপ্রেমিক জনতা সেই চক্রান্ত আঁচ করতে পেরে মুহূর্তের মধ্যে জেগে ওঠে। ফলশ্রুতিতে সেনাবাহিনী ও সিপাহিরা বিদ্রোহে অংশ নেন এবং সেই সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্ব ও ভাবমূর্তি সামনে চলে আসে।
শামসুজ্জামান দুদু আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানকে যখন ক্যান্টনমেন্টের বাসায় অন্তরীণ করে রাখা হয়েছিল, তখন দেশের সাধারণ মানুষ ও সেনাবাহিনী এটিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে গণ্য করেছিল। আর সেই কারণেই সর্বস্তরের মানুষ ও সিপাহিরা রাজপথে নেমে বিদ্রোহে অংশ নেন। তার ভাষায়, ৭ নভেম্বরের এই ঐতিহাসিক অভ্যুত্থান ছিল মূলত একাত্তরের মহান মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা এবং তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও নেতৃত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক দুই ধারার উপস্থিতি ছিল। এক পক্ষ পাকিস্তানের কাঠামোর ভেতরে থেকে রাজনৈতিক সুবিধা বা প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশায় ছিল, আর অন্য পক্ষ পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র অবিসংবাদিত নেতা হিসেবে এককভাবে প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সঠিক ইতিহাস নয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ২৫ মার্চ রাতে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের মাঝে না থেকে ভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, পক্ষান্তরে ২৬ মার্চের প্রথম প্রহরে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন। তার এই ঘোষণার মাধ্যমেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের আপস বা আলোচনার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায় এবং পাকিস্তানি সামরিক বাহিনী জিয়াউর রহমানসহ মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়।
তৈরি হওয়া রাজনৈতিক প্রেক্ষাপট ও তৎকালীন সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করলেও পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা বা বাকশাল কায়েম করা হয়েছিল। ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের কথা স্মরণ করে তিনি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণার উদ্ধৃতি দিয়ে জানান, ওই সময় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা শূন্যের কোঠায় নেমে এসেছিল।
এ প্রসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, যখন দেশের সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে ধুঁকছিল, ঠিক সেই সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছিল, যা ছিল জনদুর্ভোগের সঙ্গে নির্মম উপহাসের শামিল।
১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন সরকারের পতন ঘটলে দেশের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং মিষ্টি বিতরণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছিল এটি ইতিহাসের এক নির্মম বাস্তবূতা। ১৫ আগস্টের পর তৎকালীন রাজনৈতিক মহল যদি জনগণের সঠিক মনোভাব ও নাভিশ্বাস বুঝতে পারত, তবে হয়তো ৩ নভেম্বরের অনভিপ্রেত ঘটনা ঘটত না। তার মতে, ৩ নভেম্বরের সেই সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়েই মূলত ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং ওই দিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুনরুত্থান ঘটেছিল।
বক্তব্যের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, এই তিন শীর্ষ নেতা কখনো পেছনের দরজা দিয়ে বা জোর করে ক্ষমতা দখল করেননি। তারা সর্বদা জনগণের অকৃত্রিম আশীর্বাদ, ভালোবাসা, রাজনৈতিক সমর্থন এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। জনগণের আস্থাই তাদের রাজনীতির মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহীদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।