Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাহিদ রানা আমার চেয়েও ভালো— বললেন টেইট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২৩:১৬

গতিময় বোলিংয়ের কারণে ক্রিকেট ইতিহাসে যে ক’জন বোলারকে নিয়ে আলাদাভাবে আলোচনা হয় শন টেইট তার মধ্যে অন্যতম। ক্যারিয়ারের পিক টাইমে গতি দিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ টেইট বললেন, বাংলাদেশের তরুণ তারকা নাহিদ রানা তার চেয়েও এগিয়ে!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটা মাঠে গড়াবে, যেটা কিনা সিরিজ নির্ধারণী ম্যাচ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে এমন কথা বলেছেন টেইট।

সময়টা এখন নাহিদ রানার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে ক্রিকেট বোদ্ধাদের প্রসংশা কুড়িয়েছেন। দেশে ফিরে নিউজিল্যান্ডের ব্যাটারদের কাঁপিয়ে দিচ্ছেন তরুণ গতিময় পেসার। নিয়মিত ১৪০-১৪৫ গতিতে বোলিং করা নাহিদের প্রসংশা এখন সর্বোত্র।

বিজ্ঞাপন

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও প্রসংশায় ভাসালেন নাহিদকে। বলেছেন, ‘হ্যাঁ, আমার সাথে কিছু মিল তো অবশ্যই আছে, তবে পার্থক্যও আছে। নাহিদ খুবই ফিট একজন ক্রিকেটার। আমার চেয়ে সে অনেক বেশি ফিট। আমি তখন একটু ভারি ছিলাম, তাই দ্রুতগতিতে বোলিং করা আমার জন্য একটু কঠিন ছিল। কিন্তু নাহিদের ক্ষেত্রে সেটা তুলনামূলক সহজ মনে হয়, কারণ সে দারুণ অ্যাথলেটিক। সে বেশ ছিপছিপে, শক্তিশালী এবং একজন ফাস্ট বোলারের জন্য তার শারীরিক গঠন খুবই ভালো।’

‘ক্রিকেটে বিভিন্ন সময় থাকে—টুর্নামেন্টের আগে, পরে কিংবা মাঝে বিশ্রামের সময় পাওয়া যায়। তবে নাহিদ রানার ব্যাপারে আমি যেটা জানি, সে খুবই ফিট একজন ক্রিকেটার। সত্যিই দারুণ ফিট। সে যদিও খুব দ্রুতগতিতে বল করে, কিন্তু একই সঙ্গে সে অসাধারণ অ্যাথলেটও। বর্তমানে যেভাবে সে বোলিং করছে, তাতে প্রতিপক্ষ দলগুলো তাকে মোকাবিলা করতে খুব একটা স্বস্তি পাবে না। বরং নাহিদ রানা যদি দলে না থাকে, প্রতিপক্ষের দৃষ্টিকোণ থেকে সেটা তাদের জন্য স্বস্তির বিষয়ই হবে।’- যোগ করেছেন টেইট।

নাহিদ রানাকে দেখে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের কথা মনে পরে বলেছেন শন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘এই সিরিজে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো শেষ ম্যাচে তার ইয়র্কারগুলো। সেটা আমাকে ওয়াকার ইউনুসের বোলিংয়ের কথা মনে করিয়ে দেয়। দ্রুতগতির বোলার এসে শুরুতে উইকেট নেয়, তারপর শেষ দিকে দ্রুত ইয়র্কার দিয়ে লেজ গুটিয়ে দেয়—এটা দেখতে আমার দারুণ লাগে। ব্যক্তিগতভাবে আমি এটা ভীষণ উপভোগ করি।’

টেইট বলেন, ‘কখনও কখনও ফাস্ট বোলারদের ক্ষেত্রে, আধুনিক ক্রিকেটে—বিশেষ করে টি–টোয়েন্টিতে—অনেক ধরনের ডেলিভারি করার একটা প্রলোভন থাকে। তবে নাহিদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সে খুবই বুদ্ধিমান একজন ছেলে। এই মুহূর্তে বিষয়টা খুব জটিল না করে, যেটা তার জন্য কাজ করছে সেটাই ভালো।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর