কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় কয়েকজন মাদক পাচারকারী মাদক পরিবহণের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বোরহান উদ্দিন (২৪) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক হওয়া বোরহান উদ্দিন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সফির বিল এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড এ ধরনের অভিযান আরও জোরদার করবে।