Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চাঁপাইনবাবগঞ্জে ডুবল সাড়ে ৪০০ বিঘা জমির ধান, বিপাকে কৃষকেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২০:৪১

জলমগ্ন খেত থেকে ধান তুলছেন কৃষকেরা।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির আধাপাকা ধান।

মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত টানা তিনদিনের বৃষ্টিপাত ও উজানের পানির চাপে উপজেলার সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

হঠাৎ পানি বৃদ্ধিতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেকেই বাধ্য হয়ে আধাপাকা ধান আগেভাগেই কেটে ঘরে তুলছেন। তবে একযোগে ধান কাটার কারণে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। ফলে ধান কাটার মজুরি কয়েকগুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম জানান, সুখডোবা বিলে তার ১০ বিঘা জমির ধান আবাদ ছিল, যার মধ্যে আড়াই বিঘা এরইমধ্যে পানিতে তলিয়ে গেছে। শ্রমিক না পাওয়ায় বাকি ধান কাটতে হিমশিম খাচ্ছেন তিনি।

আরেক কৃষক আলী বলেন, তার ১০ বিঘার মধ্যে মাত্র এক বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ধান এখনও মাঠেই রয়েছে। প্রতি বিঘা ধান কাটতে শ্রমিকদের জনপ্রতি প্রায় ১ হাজার টাকা দিতে হচ্ছে। এর সঙ্গে নৌকা ভাড়া যুক্ত হওয়ায় পরিবহণ খরচও বেড়ে গেছে দ্বিগুণ।

কৃষি বিভাগ জানায়, উজানের পানির চাপ সামাল দিতে বিল এলাকায় অস্থায়ী মাটির বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতি কমাতে দ্রুত ধান কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, ‘পরিস্থিতি উদ্বেগজনক। উজানের ঢলে ধানখেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষকদের পাশে থাকার চেষ্টা করব আমরা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর