কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন খন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিয়াজ উদ্দিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, ওই মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।