Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাহজালাল মাজারের ওরস শুরু, ভক্তদের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৫:৪৭

ছবি: সংগৃহীত।

সিলেট: গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সাতশো বছরের ইতিহাস-ঐতিহ্য সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭ তম বার্ষিক ওরস শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।

পরে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাজার এলাকা।

আগামীকাল শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

এদিকে ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দু’দিনব্যাপী ওরসের মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে এসেছেন লাখ লাখ ভক্ত- অনুরাগীরা।

বিজ্ঞাপন

এর আগে, ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে।

শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে শান্তিপূর্ণভাবে ওরস পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সাদা পোশাকেও থাকছে আইনশৃঙ্খলা বাহিনী, রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা।