হিলি: দিনাজপুরের হাকিমপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হাকিমপুর থানা পুলিশ।
এর আগে, বুধবার (৬ মে) আনুমানিক রাত ৮টায় উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল জাংগই গ্রামে অভিযান চালায়। অভিযানে গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আমিরুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন আমিরুলের স্ত্রী ও মামলার পলাতক আসামি মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে গ্রেফতারকৃত আমিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর সহযোগী মো. রাসেল মণ্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
হাকিমপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ২৯ (ক)/৪১ ধারায় একটি মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) জাকির হোসেন বলেন, ‘চলমান মামলার তদন্ত ভার এসআই (নিরস্ত্র) সুজা মিয়াকে দেওয়া হয়েছে।’
এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।