হিলি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হাকিমপুর হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে হিলি রেলওয়ে স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এই দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হতো তাদের।
নতুন এ যাত্রাবিরতি চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ আরও সহজ হলো। পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।