Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোন ট্র্যাজেডি
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৮:০৫

ড. মোহাম্মাদ ইউনূস।

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলাটি গ্রহণযোগ্য উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে, নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন। শুনানির সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয় তারা হলেন- এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা কর্নেল (অব.) নূরনবী, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, প্রিন্সিপাল (স্কুল শাখা) রিফাত নবী, রাজউকের চেয়ারম্যান, উত্তরা অঞ্চলের ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সাবেক পরিবেশ উপদেষ্টা ডা. রিজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১২৪ জন আহত হন।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।