Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অনলাইন নিলামে উঠছে ২২০ কন্টেইনার পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:০৬

ঢাকা: চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো ও অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগ হিসেবে ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তোলার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মে মাস জুড়ে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ ‌মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিতভাবে নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এনবিআরের বিশেষ আদেশে ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেম ও এসি পার্টস। এই নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি।

বিজ্ঞাপন

এ ছাড়া স্থায়ী আদেশে ১৭টি লটে ৬০ কন্টেইনার পণ্য বিক্রি হবে। এতে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলাম কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আগ্রহী বিডাররা মে মাসজুড়ে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ পাবেন এবং অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ঘরে বসেই বিড করা যাবে। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে। আগামী ১৪ মে দুপুর ৩টায় এবং ৯ জুন সকাল ১১টায় দরপত্র বাক্স খোলা হবে।

চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।