ঢাকা: নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি তাহসিফ সৌরি লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
ফিরোজ উদ্দিন বলেন, তাহসিন সপরিবারে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। এক দিন আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন।
তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজা বাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নৌপুলিশের কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।