চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পূর্ব মাদারবাড়ি এলাকার সরকারি পুকুরপাড় সংলগ্ন বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নূর নাহারের ছোট ছেলে কর্মস্থলে যান। তার অন্তঃসত্ত্বা স্ত্রী তখন বাবার বাড়িতে ছিলেন। ফলে দিনের বেশিরভাগ সময় বাসায় একাই ছিলেন নূর নাহার।
বাসার পেছনের গেটসংলগ্ন তিনটি কক্ষে ভাড়াটেরা থাকেন। তাদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, বাকিরা পোশাকশ্রমিক। সন্ধ্যায় পেছনের গেট খোলা দেখে ভেতরে প্রবেশ করেন ভাড়াটেরা। এ সময় শোবার ঘরের দরজা খোলা অবস্থায় বিছানায় নূর নাহারকে মৃত পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেন।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। বাসায় তিনি একাই ছিলেন। বাসার দরজাও খোলা ছিল। সন্ধ্যার পরও পেছনের গেট খোলা দেখে ভাড়াটিয়াদের কয়েকজন বাসায় প্রবেশ করেন। এ সময় তারা নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহের বাইরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখে হালকা লালচে দাগ রয়েছে। তার ব্যবহৃত দুটি ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসার পেছনের লোহার দরজাটি খোলা থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই দরজা দিয়ে মূলত বাসার ভাড়াটেরা যাতায়াত করতেন। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। কিছু একটা রহস্য আছে বলে মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।