বরিশাল: ঝালকাঠির রাজাপুরে খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার নৌকাঠি গ্রামের আফসার কাগজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডিকে জানায়। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) সংগ্রহ করে। পরে তা বিশ্লেষণ করে নিহত নুর আলমের পরিচয় শনাক্ত করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা খালে ফেলে পালিয়ে গেছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শুরু হয়েছে।’