Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৫:০৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) ভোর ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা লিবিয়ার মিসরাতা থেকে দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, দেশে ফেরা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

তাদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিত বাংলাদেশিদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।