ঢাকা: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পক্ষে সরকারি খরচে নিয়োজিত আইনজীবী মো. আমির হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) সবাই উপস্থিত থেকে রায় শুনেছেন। রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে এ রায়টা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। আমি হতাশ।’
কী কারণে তিনি হতাশ, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির হোসেন কোনো ব্যাখ্যা দেননি। এ বিষয়ে আর কিছু না বলে তিনি সেখান থেকে চলে যান।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা-কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।