সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসান (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু বেড়ানোর উদ্দেশ্যে এনায়েতপুর স্পার বাঁধে যান। পরে আঁচল ছাড়া অন্য চারজন যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান জিসান। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।
খবর পেয়ে উদ্ধারকাজ শুরু হয়। রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে ওই দিন তার সন্ধান মেলেনি।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলের কাছেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।