চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গহীন বন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলাম বক্করের ছেলে। তিনি গরু-ছাগল পালন ও কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুনোহাতির আক্রমণ থেকে পাকা ধানখেত রক্ষায় পাহারা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হন তিনি। আজ সকালেও তিনি না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে বের হন। এর একপর্যায়ে ধানখেতের প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে নেজামের রক্তাক্ত মরদেহ খুঁজে পান স্বজনেরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন আহমদ বলেন, ‘আবাদ করা ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে পাহারা দিতে বিলে অবস্থান করছিলেন কৃষক নেজাম। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’