Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ০৮:২৩ | আপডেট: ৯ মে ২০২৬ ০৮:৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন এবং তাদের কথা শুনবেন।

শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় এ বৈঠকে সারাদেশের জেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পর্যায়ের নেতারা অংশ নেবেন।

এ ছাড়াও বৈঠকে ৮২টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবদের অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমান তৃণমূল নেতাদের কাছ থেকে দল, সরকার, স্থানীয় সমস্যা, সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কেও মতামত নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঘিরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা বলছেন, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া, বিতর্কিত কর্মকাণ্ডসহ নানা কারণে ভুগতে থাকা সংগঠনগুলো সচলে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তিন সংগঠনের নেতাকর্মীরা জানান, ডাক পাওয়া সংগঠনগুলোর মধ্যে মেয়াদ আছে শুধু যুবদলের কমিটির। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চলছে মেয়াদহীন কমিটিতে। এতে নেতৃত্ব সংকটের পাশাপাশি মাঠপর্যায়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

তারা আরও জানান, বৈঠককে ঘিরে তাদের প্রত্যাশা মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে–প্রথমত, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং দ্বিতীয়ত, একটি সুস্পষ্ট রাজনৈতিক ও সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণ।

যুবদলের এক কেন্দ্রীয় নেতা বলেন, আশা করছি, দলীয় প্রধান সরাসরি নির্দেশনা দেবেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত সাংগঠনিক বিষয়গুলোর সমাধান হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৃষ্ট হতাশা থেকেও নেতাকর্মীরা বের হয়ে আসবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান বলেন, সামনে কীভাবে রাজনীতির মাঠে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে জনসম্পৃক্ততা বাড়াবে আজকের বৈঠকে এসব বিষয় উঠে আসবে। আশা করি, এই বৈঠকের মাধ্যমে সংগঠনগুলো রাজনীতিতে আরও চাঙ্গা ও প্রাণবন্ত হবে।

মতবিনিময়সভা সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ তথ্য উপস্থাপন করবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, মতবিনিময়সভার মূল লক্ষ্য নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত এবং দলকে গতিশীল করা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর