Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ০৮:৫০

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে নন্দীগ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কামার বড়িয়ায় আসছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাক সামনে থেকে এসে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেবেকা সুলতানা লেবু নিহত হন এবং তার স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা আহত রিপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর